হেয়ারিং চলাকালীন বিএলও-কে কার্যত হুমকি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর!
এডমিন
ছবি: সংগৃহীত
রঘুনাথগঞ্জ:-SIR হেয়ারিং চলাকালীন বুথ লেভেল অফিসার (BLO)-কে কার্যত হুমকি দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক আখরুজ্জামানের বিরুদ্ধে। বুধবার দুপুরে রঘুনাথগঞ্জ–২ নম্বর ব্লকের তেঘরী কিষাণ মান্ডিতে চলছিল SIR হেয়ারিং। সেই সময় হঠাৎই কিষাণ মান্ডিতে উপস্থিত হন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান।
অভিযোগ, হেয়ারিং চলাকালীন এক বিএলও-কে প্রকাশ্যে বিজেপির দালাল বলে মন্তব্য করেন মন্ত্রী। শুধু তাই নয়, কিভাবে কাজ করতে হবে, কীভাবে দায়িত্ব পালন করতে হবে—সেই ‘নিদান’ও দেন তিনি। মন্ত্রীর বক্তব্যের ভঙ্গি ছিল কার্যত হুমকির সুরে, এমনটাই দাবি স্থানীয় সূত্রের।
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রশাসনিক প্রক্রিয়া চলাকালীন একজন জনপ্রতিনিধির এভাবে হস্তক্ষেপ এবং বিএলও-কে রাজনৈতিক তকমা দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া SIR হেয়ারিং-এর সময় এই ধরনের মন্তব্য প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে বলে মনে করছেন অনেকে।
ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিরোধীদের অভিযোগ, প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করানোর চেষ্টা করা হয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামানের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রশ্ন উঠছে, নির্বাচন সংক্রান্ত সংবেদনশীল প্রক্রিয়ার সময় জনপ্রতিনিধিদের এই ধরনের আচরণ কতটা যুক্তিসঙ্গত? আদৌ কি প্রশাসনিক আধিকারিকদের উপর এভাবে প্রকাশ্যে চাপ দেওয়া যায়? গোটা বিষয়টি নিয়ে এখন উত্তাল রঘুনাথগঞ্জের রাজনৈতিক মহল।
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...



