গোলপার্কে রণক্ষেত্র! গুলি-বোমার তাণ্ডব, চপার কোপে রক্তাক্ত এলাকা
এডমিন

ছবি: সংগৃহীত
কলকাতা: দক্ষিণ কলকাতার গোলপার্ক সংলগ্ন কাঁকুলিয়া রোড ও পঞ্চাননতলা এলাকায় রবিবার সন্ধ্যায় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। সিন্ডিকেট ঘিরে বিবাদ থেকে ব্যাপক হিংসা ছড়িয়েছে বলে অভিযোগ। দুষ্কৃতীদের বোমাবাজি, ইট-কাচ ছোড়া এবং গুলি চালানোর পাশাপাশি চপার দিয়ে কোপানোর ঘটনাও সামনে এসেছে। ঘটনাস্থলে মিলেছে গুলির খোসা ও রক্তের দাগ।
হঠাৎ হওয়া এই হামলায় আতঙ্কে স্তব্ধ হয়ে যায় গোটা এলাকা। গুলির আওয়াজে ভয়ে বাড়ির দরজা বন্ধ করে আশ্রয় নেন বাসিন্দারা। স্থানীয়দের দাবি, রাত সাড়ে আটটা নাগাদ মুখ ঢাকা দুষ্কৃতীরা বোমা ফাটাতে ফাটাতে এলাকায় ঢোকে। একের পর এক বাড়িতে ঢুকে ভাঙচুর ও হামলা চালানো হয়।
পুলিশের তরফে জানানো হয়েছে,
“পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গোটা এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার সঙ্গে যুক্ত কাউকেই রেহাই দেওয়া হবে না।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন। তাঁদের এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে।
অভিযোগ, ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছতে দেরি করায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। উত্তেজনার মধ্যে পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। যদিও পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।
স্থানীয়দের দাবি, প্রায় ১০০ থেকে ১৫০ জন দুষ্কৃতী একযোগে এলাকায় হামলা চালায়। এর আগেও উৎসবের সময় একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বলে অভিযোগ। এবার এলাকায় দখল নিতে পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলেও দাবি উঠছে।
ঘটনার পর এলাকায় পৌঁছান স্থানীয় জনপ্রতিনিধি। তাঁকে ঘিরেও বিক্ষোভ শুরু হয়। এলাকাবাসীর স্পষ্ট দাবি—পঞ্চাননতলা ও কাঁকুলিয়া রোড এলাকায় স্থায়ী শান্তি ফেরাতে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। আপাতত পরিস্থিতি থমথমে, বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে।
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...



