
ছবি: সংগৃহীত
পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুরের কোলাঘাট বাজারে প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় তীব্র চাঞ্চল্য। ব্যস্ত বাজার এলাকায় এক হোসিয়ারি ব্যবসায়ীর কাছ থেকে ২ লক্ষ ১৫ হাজার টাকা ছিনতাই করে বাইকে চেপে পালাল দুষ্কৃতীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোবর্ধনপুর এলাকার বাসিন্দা নিতাই মণ্ডল কোলাঘাটের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ওই টাকা তোলেন। ব্যাঙ্ক থেকে বেরিয়ে তিনি কাছেই একটি মার্বেল দোকানে কিছুক্ষণ অবস্থান করেন। পরে সেখান থেকে বাইকে উঠতেই আচমকা হাজির হয় দুই দুষ্কৃতী। মুহূর্তের মধ্যেই তাঁর হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে অন্য একটি বাইকে চেপে দ্রুত এলাকা ছেড়ে পালায় তারা।
ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, ব্যাঙ্কের ভিতর থেকেই তাঁর উপর নজর রাখা হচ্ছিল বলে সন্দেহ। সুযোগ বুঝেই ছিনতাইয়ের ঘটনা ঘটানো হয়। ঘটনার পরেই কোলাঘাট বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের শনাক্ত করতে জোরদার তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
দিনের আলোয় জনবহুল এলাকায় এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই ব্যবসায়ী। একই সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বাড়ছে। এলাকায় আরও কড়া নিরাপত্তার দাবি উঠেছে।
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...



