কনকনে শীতে সহমর্মতার বার্তা, সাগরদিঘীতে শীতবস্ত্র বিতরণ
এডমিন
ছবি: সংগৃহীত
মুর্শিদাবাদ :- প্রতিবছরের মতো এ বছরও মানবিকতার নিদর্শন রেখে শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংগঠন সেল্ফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট। সংগঠনের উদ্যোগে সাগরদিঘী ব্লক মোড় এলাকায় অনুষ্ঠিত হলো শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। কনকনে শীতে এদিন দুই শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
শুধু শীতকালেই নয়, সারা বছর ধরেই মানুষের পাশে থাকার যে অঙ্গীকার সেল্ফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট করে আসছে, এদিনের কর্মসূচির মধ্য দিয়ে ফের তারই বাস্তব প্রতিফলন দেখা গেল। “মানুষের পাশে মানুষ”—এই মন্ত্রকে সামনে রেখে সংগঠনটি একের পর এক সমাজকল্যাণমূলক কর্মসূচি পালন করে চলেছে বলে জানান উদ্যোক্তারা।
এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাগরদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান। তিনি সংগঠনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, শীতের সময় এই ধরনের উদ্যোগ অসহায় মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি উপস্থিত ছিলেন সাগরদিঘী থানার এ.এস.আই মনিকা ভাস্কর, যিনি সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে এই ধরনের স্বেচ্ছাসেবী কাজকে সাধুবাদ জানান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেল্ফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার আরিফ হোসেন, সংগঠনের সভাপতি কামাল হাসান। তাঁরা জানান, ভবিষ্যতেও এই ধরনের সমাজমুখী কর্মসূচি আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সাদরুল আমিন, মুরসালিন শেখ, বুলকাস শেখ, লক্ষ্মী মূর্মু সহ একাধিক সমাজকর্মী ও স্বেচ্ছাসেবক।
শীতবস্ত্র পেয়ে খুশি দুঃস্থ মানুষজনও। তাঁদের চোখেমুখে ধরা পড়ে স্বস্তি ও কৃতজ্ঞতার ছাপ। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এই ধরনের মানবিক কর্মসূচি সমাজে সহমর্মিতা ও সহযোগিতার বার্তা পৌঁছে দেয়।
শীতের দিনে উষ্ণতার পাশাপাশি মানবিকতার উষ্ণ ছোঁয়া দিয়ে ফের একবার নজির গড়ল সেল্ফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট।
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...



