মাঝ আকাশে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স, ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা | মৃত অন্তত ১, আশঙ্কা বাড়ছে
এডমিন

ছবি: সংগৃহীত
রাচি : আবারও আকাশপথে বড়সড় দুর্ঘটনা। ঝাড়খণ্ড থেকে দিল্লিগামী একটি এয়ার অ্যাম্বুলেন্স মাঝ আকাশে বিপর্যস্ত হয়ে ভেঙে পড়ল। প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই বিমানে মোট সাতজন আরোহী ছিলেন। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, অন্তত একজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। যদিও একাধিক সূত্রের দাবি, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা প্রায় ৭টা ১১ মিনিটে ঝাড়খণ্ডের রাঁচি থেকে উড়ান শুরু করে রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড পরিচালিত একটি বিচক্রাফ্ট সি৯০ এয়ার অ্যাম্বুলেন্স। প্রথম কয়েক মিনিট সব কিছু স্বাভাবিক থাকলেও সন্ধ্যা ৭টা ৩৪ মিনিট নাগাদ কলকাতা এটিসির সঙ্গে রাডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই আশঙ্কা তৈরি হয়।
পরবর্তীতে জানা যায়, রাঁচি থেকে উড়ে যাওয়া এয়ার অ্যাম্বুলেন্সটি ঝাড়খণ্ডের ছত্রা জেলায় ভেঙে পড়েছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল। শুরু হয় তল্লাশি ও উদ্ধারকাজ।
উড়ানের পাইলট-ইন-কমান্ড ছিলেন ক্যাপ্টেন বিবেক বিকাশ ভগত। সহ-পাইলট হিসেবে দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন সভরাজদীপ সিং। যাত্রীদের মধ্যে ছিলেন সঞ্জয় কুমার, যিনি অসুস্থ অবস্থায় দিল্লিতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে। এছাড়াও ছিলেন অর্চনা দেবী ও ধুরু কুমার (অ্যাটেনডেন্ট), ডাঃ বিকাশ কুমার গুপ্ত (চিকিৎসক) এবং শচীন কুমার মিশ্র (প্যারামেডিক)।
দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। প্রযুক্তিগত ত্রুটি নাকি অন্য কোনও কারণ—তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দফতর। ব্ল্যাক বক্স উদ্ধারের চেষ্টাও চলছে বলে সূত্রের খবর।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়খণ্ডে। আকাশপথে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। তদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে সকলেই।
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...
