প্রজাতন্ত্র দিবসে আমিষ বিক্রিতে নিষেধাজ্ঞা! করাপুটে জেলাশাসকের নির্দেশ ঘিরে তীব্র বিতর্ক
এডমিন
ছবি: সংগৃহীত
ওড়িশা,করাপুট: প্রজাতন্ত্র দিবস পালনে ‘একতা ও অভিন্নতা’ বজায় রাখার যুক্তিতে বড় সিদ্ধান্ত নিল ওড়িশা রাজ্যের করাপুট জেলা প্রশাসন। আগামী ২৬ জানুয়ারি করাপুট জেলার শহর ও গ্রামাঞ্চল জুড়ে মাংস, মাছ, মুরগি ও ডিম বিক্রিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন করাপুটের জেলাশাসক মনোজ সত্যবান মহাজন।
নির্দেশ অনুযায়ী, ওই দিন কোনও বাজার বা দোকানে আমিষজাত খাদ্য বিক্রি করা যাবে না। সমস্ত ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তহশিলদার ও এক্সিকিউটিভ অফিসারদের এই নির্দেশ কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি জেলা প্রশাসনের তরফে নাগরিকদের কাছে আবেদন জানানো হয়েছে, জাতীয় দিবসের মর্যাদা রক্ষায় নিরামিষ খাবার বেছে নিতে। নির্দেশিকায় বলা হয়েছে, এটি কোনও নিষেধাজ্ঞা নয়, বরং ‘প্রশাসনিক গাইডলাইন’ মেনে জাতীয় অনুষ্ঠান পালনের অঙ্গ।
তবে প্রশাসনের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। করাপুট চেম্বার অফ কমার্সের সভাপতি কিরণ কুমার এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চাননি। কিন্তু রাজনৈতিক ও নাগরিক মহলে অসন্তোষ স্পষ্ট।
পটাঙ্গি কেন্দ্রের কংগ্রেস বিধায়ক রামচন্দ্র কাড়ম কড়া ভাষায় সমালোচনা করে বলেন,
“জেলাশাসকের দায়িত্ব আইনশৃঙ্খলা ও প্রশাসন চালানো। মানুষের খাবারের পছন্দ নির্ধারণ করা নয়। এই নির্দেশ স্বাধীনতার মৌলিক ভাবনার পরিপন্থী।”
আইনি দিক থেকেও প্রশ্ন উঠেছে। করাপুটের আইনজীবী সত্যবাদী মহাপাত্র বলেন,
“প্রজাতন্ত্র দিবস কোনও ধর্মীয় উৎসব নয়, এটি একটি জাতীয় অনুষ্ঠান। এই ধরনের নির্দেশ সংবিধানের ১৪ ও ১৫ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।”
এদিকে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। প্রবীণ নাগরিক বিদ্যুৎ খাড়া বলেন,
“মাছ-মাংস বিক্রেতারা দৈনিক রোজগারের ওপর নির্ভরশীল। একদিনের সম্পূর্ণ নিষেধাজ্ঞায় তাঁদের বড় আর্থিক ক্ষতি হবে। চাইলে দোকানের সময় নিয়ন্ত্রণ করা যেত।”
উল্লেখ্য, এর আগেও দেশের বিভিন্ন শহরে ধর্মীয় বা সামাজিক আবেগের কথা বলে আমিষ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ২০২৫ সালের মে মাসে অযোধ্যায় রামপথ এলাকায় মদ ও মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। করাপুটের সাম্প্রতিক সিদ্ধান্ত সেই পুরনো বিতর্ককেই নতুন করে উসকে দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...

